নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজের মাছের খামারে বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে রিপন মিয়া (২২) নামে এক যুবক মারা গেছেন। উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রিপন মিয়া একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন মিয়া একাই দুপুর থেকে বাড়ির কাছে নিজের মাছের খামার নিরাপত্তার জন্য প্রতি ১০ ফুট দূরত্বে বাঁশের খুঁটি বসিয়ে তাতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করছিলেন।
তিনি কোনো এক সময় পুকুরে নেমে বিদ্যুতের তার নিয়ে পুকুরের এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার সময় লিকেজ তারে বিদ্যুতায়িত হন।
সন্ধ্যার দিকে তার বাবা খামারে গিয়ে রিপন মিয়াকে বিদ্যুতের তারসহ ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ও নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. নাফিজুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের পরিবার এবং স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে রিপনের মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
