গ্লোসিয়ার ব্রো বা হিমবাহ ভাই নামে পরিচিত চীনের প্রভাবশালী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট ও পরিবেশবাদী ওয়াং জিয়াংজুন বরফ পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, একটি হিমবাহ জলপ্রপাত অনুসন্ধানের সময় ২০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। এখনো পর্যন্ত তার দেহ পাওয়া যায়নি। তবে তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে।
ওয়াং হিমবাহ অনুসন্ধান করতেন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবকে গুরুত্ব দিয়ে তুলে ধরতেন তার ভিডিওতে।
চীনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একটি জলপ্রপাতের গা ঘেঁষে ওঠার সময় পা পিছলে দ্রুত গতিতে বেয়ে চলা বরফ পানিতে পড়ে যান তিনি।
উত্তর তিব্বতের লাহারিতে এ ঘটনা ঘটেছে।
উদ্ধারকর্মীরা এখনো ওয়াং-কে খুঁজে চলেছেন। তবে দলের এক সদস্যকে উদ্ধৃত করে চীনের সংবাদপত্র জানায়, ওয়াং-এর বেঁচে থাকা ‘অসম্ভব’।
এ দিকে তার ভাই এক বিবৃতিতে জানান, ওয়াং চিরতরে জলপ্রপাতে হারিয়ে গেছে। তাকে সম্মান জানিয়ে মৃত্যু নিয়ে অযথা কথা না ছড়ানোর অনুরোধ করেন।
আরও বলেন, ওয়াং সারা জীবন হিমবাহের প্রেমে আচ্ছন্ন ছিলেন। সেখানে জীবন দিলেন। এটাই তার বিশ্রাম নেওয়ার সেরা জায়গা।
চীনের এক কৃষক পরিবারে ওয়াং-এর জন্ম। একবার পর্যটকদের জন্য তৈরি বিজ্ঞাপনে বরফ-ঢাকা পর্বত দেখে হিমবাহের প্রতি আকৃষ্ট হন। এর পর তিনি কয়েক ডজন হিমবাহ ঘুরে দেখেন। গত সাত বছরে তিনি ৭০টির বেশি হিমবাহের ছবি তুলেছেন। ২০১৯ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের ওয়াং নিজের অভিজ্ঞতা বিনিময় করেন।
