পার্টি ফেলে ‘আগেভাগে হোয়াইট হাউজে ফিরছেন’ ট্রাম্প

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০২:৫৭ পিএম

নতুন বছরের পূর্বনির্ধারিত পার্টি ফেলে আগেভাগে হোয়াইট হাউজে ফেরার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন সিদ্ধান্তে রহস্যের গন্ধ পাচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

সিএনএন জানিয়েছে, ফ্লোরিডা ক্লাবের নিউ ইয়ারের পার্টিতে ইতিমধ্যে অতিথিরা আসতে শুরু করেছেন। কথা ছিল ট্রাম্প সেখানে থাকবেন। কিন্তু হঠাৎ তিনি হোয়াইট হাউজে ফেরার পরিকল্পনা করছেন।

৬ জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার আগে শেষ মুহূর্তে নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টার অংশ হিসেবে তিনি হোয়াইট হাউজে আসছেন বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্থানীয় সময় দুপুর ১১টায় ফ্লোরিডা ছেড়ে হোয়াইট হাউজের উদ্দেশে রওনা হবেন।

ছুটিতে ফ্লোরিডায় অবস্থান করার সময় ট্রাম্প ৬ জানুয়ারি কংগ্রেসের সার্টিফিকেশন প্রক্রিয়া ও নির্বাচনী ফল পাল্টে দেওয়ার পরিকল্পনা নিয়েই ব্যস্ত ছিলেন।

কয়েকটি সূত্রের বরাতে সিএনএন বলছে, ফ্লোরিডায় থাকাকালীন ট্রাম্প বারবার কংগ্রেসের সদস্য ও অন্যান্য সহযোগীদের সঙ্গে ৬ জানুয়ারির ব্যাপারে কথা বলেছেন। কংগ্রেসে কারা ফলাফল নিয়ে আপত্তি জানাবেন, কী করা হবে এটি এখন তার ধ্যানজ্ঞান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত