রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানছে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’
বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়স্থ মন্ত্রীর বাসভবনে তার নির্বাচনী এলাকা পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের একজন নেতাকর্মী জীবিত থাকতে এদেশের মাটি থেকে বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন একটি মহল ঘোলা পানিতে মাছ ধরতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করছে ধর্মের নামে।
নবীজি ধর্ম প্রচারে কোনো টাকা বা হাদিয়া গ্রহণ করেননি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে টাকা নিয়ে হেলিকপ্টারে চড়ে ধর্মের নামে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, রেলপথের পাশাপাশি পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত ৬ লেন সড়কের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে। এ এলাকার মানুষ সকালে ঢাকা পৌঁছে কাজ সেরে আবার বিকেলে বাড়ি ফিরতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু মানুষ ধর্মের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ধর্মের ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
সভায় দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করার আহবান জানান মন্ত্রী।
তিনি সাধারণ মানুষের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে তৎপর হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
মন্ত্রী দলীয় নেতাকর্মীদের কাজে এলাকার উন্নয়নের খবর নেন এবং এলাকার সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। অসুস্থ নেতাকর্মীদের শারীরিক অবস্থার খবর নেন।
সভায় বোদা-দেবীগঞ্জের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রী বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের কথা শুনেন, তাদের সমস্যা সম্পর্কে জানেন। বিভিন্ন ব্যক্তির আবেদন-নিবেদন গ্রহণ করেন। প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
তিনি তাৎক্ষণিক অনেক সমস্যার সমাধান প্রদান করেন। অসহায় ও অসুস্থদের সহায়তাও প্রদান করেন।
