সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার অন্যতম আসামি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে আদালতে শেষ সাফাই সাক্ষ্য দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ বলেন, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি সাফাই সাক্ষ্য দিলে সরকারপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জনাকীর্ণ আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করেন।
আগামী ৬ জানুয়ারি আলোচিত এই মামলার যুক্তিতর্কের (আরগুমেন্টের) দিন ধার্য করেছেন আদালত।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফাই সাক্ষ্যতে বলেন, ঘটনার দিন ২০০২ এর ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই দিন তিনি সাতক্ষীরায় ছিলেন না।
তিনি বলেন, আমি সাফাই সাক্ষ্য দিয়েছি। হাবিব নির্দোষ। কারণ তিনি সেদিন সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।
পিপি অ্যাড.আবদুল লতিফ বলেন, সাফাই সাক্ষী রিজভীকে জেরা করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফসহ কয়েকজন।
অপরদিকে, আসামিপক্ষে ছিলেন বাংলাদেশ হাইকোর্টের অ্যাড.শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরার অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু ও অ্যাড. কামরুজ্জামান ভুট্টোসহ কয়েকজন।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক নারীকে দেখতে আসেন। তিনি ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার অভিযোগ উঠে তৎকালীন তালা-কলারোয়া আসনের সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে পুলিশ নতুন করে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়।
এ মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে কয়েকজনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া, এ মামলায় ৫০ আসামির মধ্যে ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আদালতে আজ বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বাকি ৩৪ আসামি উপস্থিত ছিলেন।
