খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে গতকাল শুক্রবার দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় ভিড় করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা। সীমান্তের শূন্যরেখার কাছে গিয়ে সীমান্ত এলাকা পরিদর্শনসহ নিজের ও পরিবারের সদস্যদের ছবি তুলেছেন অনেকে। কিছুসংখ্যক মানুষ স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে সীমান্ত দেখতে এলেও অনেকেই মাস্কবিহীন চলাফেরা করেছেন।
সকাল থেকেই হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় ভিড় করেন দর্শনার্থীরা। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দর্শনার্থীরা আসেন।
গাইবান্ধা থেকে আসা আবদুর রহিম ও সেলিনা বেগম বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে ঘরে বন্দি হয়ে পড়েছি। তাই খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে ও ছেলেমেয়েদের ‘বন্দিদশা’ থেকে মুক্তি দিতে খানিকটা বিনোদনের উদ্দেশ্যেই হিলি সীমান্ত এলাকা দেখতে এসেছি। এতদিন শুনেই এসেছি, আজ অনেক কাছাকাছি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখলাম পরিবারের সদস্যদের নিয়ে। সেখানে ঘুরে বেড়িয়েছি, ছবি তুলেছি, সব মিলিয়ে খুব ভালো লাগল এখানে এসে।’
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান বলেন, খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা হিলি সীমান্ত এলাকা দেখতে ভিড় করেছেন। অনেকেই ছবি তুলেছেন, ঘুরে বেড়িয়েছেন।
