নিয়ম না মানলে খেলতে এসো না, রোহিতদের কুইন্সল্যান্ড সরকার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৮:০৪ পিএম

অস্ট্রেলিয়া সফরে কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করে বেশ বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মাসহ ৫ ক্রিকেটার বায়ো-বাবল বিধি ভেঙে রেস্টুরেন্টে খেতে যান। যার জেরে বেশ বিপাকেই পড়েছে দলটি।

‘নিয়ম না মানলে খেলতে এসো না।’ ভারতীয় দলকে এভাবেই জানিয়ে দেওয়া হল কুইন্সল্যান্ড সরকারের পক্ষ থেকে।

চতুর্থ টেস্ট খেলতে নিউ সাউথ ওয়েলস থেকে ব্রিসবেন উড়ে গেলে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হতে পারে ভারতীয় দলকে। এমনকি কড়া বায়ো-বাবলে আটকে রাখা হতে পারে তাদের। যার অর্থ, হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ভারতীয় ক্রিকেটারদের গতিবিধি।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই পুনরায় কোয়ারেন্টাইনে থাকতে রাজি নয়। কঠোর বায়ো-বাবল ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে টিম ম্যানেজমেন্টের আশঙ্কা। নিয়ম শিথিল করা না হলে শেষ টেস্ট খেলতে ব্রিসবেন যেতে রাজি নয় ভারত। সে ক্ষেত্রে সিডনিতেই সিরিজের শেষ দুটি টেস্ট খেলতে অসুবিধা নেই সফরকারী দলের।

ভারতীয় দলের এমন মানসিকতা জানার পরেই কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী রস বেটস স্পষ্ট বলেন, ‘যদি ভারতীয়রা নিয়ম মেনে খেলতে না চায়, তবে এসো না।’

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে নিজের এমন মন্তব্যের ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রস নিজে। টুইটারে ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ আমার কাছে এমন রিপোর্ট নিয়ে জানতে চাওয়া হয়েছিল যে, ভারতীয় ক্রিকেট দল চায় শুধুমাত্র তাদের জন্য কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করা হোক। আমার প্রতিক্রিয়া ছিল এটাই।’

অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচ সিরিজে এখনো দুই টেস্ট বাকি রয়েছে। এর আগে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত