প্রতিশ্রুতির ৩৯ দিন পার হলেও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এর ফলে শিক্ষাবৃত্তি, গবেষণাসহ বিভিন্ন আবেদন করতে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
গত ২৫ নভেম্বর শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের জন্য পরীক্ষামূলক প্রাতিষ্ঠানিক ইমেইল চালু করে প্রশাসন। শুরুতে শিক্ষকদের এ সুবিধা দিয়ে ১৫ দিন পর শিক্ষার্থীরাও পাবেন বলে জানানো হয়। কিন্তু ৩৯ দিন পরও শিক্ষার্থীরা এ সেবা নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
রবিবার প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওবায়দুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতির মুলা ঝুলিয়ে রেখেছে। প্রাতিষ্ঠানিক ইমেইল না থাকায় ইতিমধ্যে অর্ধডজন স্কলারশিপের আবেদনের ডেডলাইন শেষ হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, বিভাগগুলোতে প্রয়োজনীয় উপকরণ পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইমেইল অ্যাকাউন্ট পেয়ে যাবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, গুগলের অনুমতি এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একটু দেরি হয়েছে। তবে এখন বিভাগে আবেদন করে দুয়েক দিনের মধ্যে শিক্ষার্থীরা ইমেইল সংগ্রহ করতে পারবেন।
