মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে একজন মেয়র প্রার্থী ও ৩ কাউন্সিলর পদপ্রার্থীকে গুনতে হয়েছে জরিমানা।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
অভিযানকালে আচরণবিধি ভঙ্গ করায় মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন এবং কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মুগ্নী মোহিত, মো. আনহার আলী ও মো. রফিকুল ইসলাম রুহেলকে মোবাইল কোর্টে ৪টি মামলায় সর্বমোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একইসাথে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচন।
