রাজশাহীতে মদপানে মৃত্যুর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১১:২৫ পিএম

খ্রিস্টীয় নতুন বছরের আনন্দ করার সময় রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে ছয়জনের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে, বিদেশি মদের সঙ্গে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে বিক্রি করেছিলেন বিক্রেতারা। থার্টিফাস্ট নাইটে সেই মদপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সন্ধ্যা থেকে রবিবার বিকাল পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়। তারা হলেন নগরীর হোসেনীগঞ্জ এলাকার ফয়সাল হোসেন (২৮), বাকির মোড় এলাকার সাগর (২৫), হেতমখাঁ এলাকার তুহিন (২৬), কাদিরগঞ্জ এলাকার মুন আহমেদ (১৮) এবং দড়িখড়বোনা এলাকার ইশাকুল ইসলাম (২২) ও জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার সজল (২৫)।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, শনিবার রাতে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- পরিমল সিং (৬০), বাপ্পা সিং (২৮), সাজু (৩০) এবং ইফতেখার হোসেন ওরফে সুমন (৫০)।

গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা অতিরিক্ত লাভের আশায় বিদেশি মদের সঙ্গে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে  মৃত ও অসুস্থ ভিকটিমদের কাছে বিক্রি করেছিল। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত