আপন ছোট ভাইয়ের বক্তব্যের গুরুত্ব অনুধাবন করুন: কাদেরকে রিজভী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০১:২৩ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জার  একটি বক্তব্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই বক্তব্যর কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওবায়দুল কাদেরকে বলেছেন- ‘আপন ছোট ভাইয়ের বক্তব্যের গুরুত্ব অনুধাবন করুন’। 

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

 ‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা নির্বাচিত হওয়া দূরে থাক, পালানোর দরজাও খুঁজে পাবে না’—ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জার এমন বক্তব্যকে দেশের বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র বলছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন,  আবদুল কাদের মির্জার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা না খুঁজে ওবায়দুল কাদের সাহেব নিজের আপন ছোট ভাইয়ের বক্তব্যটির গুরুত্ব অনুধাবন করবেন। আবদুল কাদের মির্জার বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো—নির্বাচন কমিশনকে কোলের মধ্যে বসিয়ে আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে দীর্ঘ ১২ বছর ধরে।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভালোবাসাধন্য রাজনৈতিক দল জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা করবে, এটাই হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। কিন্তু নিশি রাতের ভোট ডাকাত সরকারটি এখন সম্পূর্ণ র‍্যাব-পুলিশ এবং প্রশাসননির্ভর হয়ে পড়েছে। নিশি রাতের সরকারের পাহারাদার পুলিশের হুংকার শুনলে বোঝা যায় বাংলাদেশ সম্পূর্ণরূপে অবৈধ ক্ষমতা দখলদারদের দ্বারা বন্দী। পুলিশের হুংকার শুনে শেখ হাসিনা-ওবায়দুল কাদেররা লজ্জা পান কি না জানি না, তবে জনগণ লজ্জিত হয়। 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার গণভবন থেকে ভার্চ্যুয়ালি রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৭তম পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বলেছেন, “পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সময় মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” হায় কী রিডিকিউলাস ও ভণ্ডামি! বাস্তবতা হলো এই অবৈধ প্রধানমন্ত্রী কথা বলার সময় খুব ভালো সাজার চেষ্টা করেন। গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকার রক্ষার কথা বলেন, আইনের শাসনের কথা বলেন। আর কাজের ক্ষেত্রে করেন তার উল্টোটা।’ রিজভী বলেন।

সংবাদ সম্মেলনে কর্মসূচিরও ঘোষণা দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সব রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পরও একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কলঙ্কিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করার জন্য ৫ জানুয়ারি সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি এদিন দলের নেতা–কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত