কর্মীদের বেতন দিতে এফডিসিকে ৭ কোটি টাকা অনুদান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০২:০৭ এএম

চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) ৭ কোটি টাকা ‘অনুদান’ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য এই টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট-১) মনিরুল ইসলাম।

বিগত ৫ বছর ধরে লোকসানের মুখে রয়েছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি। করোনা পরিস্থিতির আগে থেকে প্রতিষ্ঠানটির ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতা অনিয়মিত হয়ে পড়ে। আনুষঙ্গিক ব্যয় মেটাতে ১৮ কোটি টাকা চেয়ে গত বছরের মে মাসে আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। একই সঙ্গে অবসরে যাওয়া এফডিসির ৭২ কর্মীর আনুতোষিক (গ্রাচুইটি) ও ছুটির নগদায়ন বাবদ পাওনা ১০ কোটি ৭০ লাখ টাকা চেয়েও আবেদন জানিয়েছিল এফডিসি। পরে ৮ জুলাই তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মনিরুল ইসলামের স্বাক্ষরে আবেদনটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফডিসিকে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেতন-ভাতা বাবদ এফডিসিকে এই সপ্তাহে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে; ইতিমধ্যে সেই টাকা উত্তোলনও করেছেন তারা। এর আগে গত বছরের মে মাসেও ৬ কোটি ৩০ লাখ টাকা ‘অনুদান’ নিয়ে মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে এফডিসি। অবশিষ্ট অর্থ দিয়ে আগস্ট পর্যন্ত বেতন দেওয়া হয়েছে। পরে সেপ্টেম্বর থেকে বেতন বকেয়া রয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের। ২০০৫ সালের দিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ৮০ লাখ টাকার মতো আয়করও দিয়েছে এফডিসি। কিন্তু বিগত পাঁচ বছর ধরে চলচ্চিত্রের শ্যুটিং কমে যাওয়া ও অব্যবস্থাপনাসহ নানা জটিলতায় আর্থিক সংকটের মুখে নিজস্ব তহবিল থেকে কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে বছর বছর অনুদানের আশ্রয় নিয়েছে এক সময়ের লাভজনক এই প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত