গাছের ডাল ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০৪:০৯ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ইসলামপুরের চরগোয়ালিনি ইউনিয়নের হরিণধরা পয়স্থি গ্রামে সোমবার সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার সময় কর্ক বারবার একটি শজনে গাছের ডালে আটকে যাওয়ায় স্থানীয় নুর ইসলাম মন্ডলের বাড়ীর সীমানায় থাকা ওই গাছের ডালটি ভেঙে ফেলে আমিন মোল্লার ছেলে দশম শ্রেণির ছাত্র রুবেল।

দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় পেছন থেকে ফালা দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় রুবেল। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৩টার দিকে রুবেলের মৃত্যু হয়।

এ ঘটনায় নুর ইসলামের দুই ছেলে এমদাদুল ও বাবলাকে আটক করেছে পুলিশ। ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত রুবেল ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত