ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সর্বশেষ সিন্ডিকেট সভায় তাকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে৷ এর আগে এ দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) ডিন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, ৪ জানুয়ারি উপাচার্য সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রো-উপাচার্যের (শিক্ষা) উপর অর্পণ করেছেন৷
উল্লেখ্য, অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়৷
