বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমানের উপস্থিতিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ঢাকা রেঞ্জ, সম্মেলন কক্ষে নভেম্বর/২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশের ঢাকা রেঞ্জ পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড মিডিয়া) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নভেম্বর/২০ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন মামলা সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করা হয়।
পর্যালোচনায় দেখা যায়, নভেম্বর/২০ মাসে ঢাকা রেঞ্জে ২৬১৪ টি মামলা রুজু হয়েছে, যা অক্টোবর/২০ মাসের তুলনায় ১৫৬টি মামলা বৃদ্ধি পেয়েছে ও নভেম্বর/১৯ মাসের তুলনায় ৫৬টি মামলা হ্রাস পেয়েছে।
নভেম্বর/২০ মাসে মাদকদ্রব্য উদ্ধার খাতে ৮২৭টি মামলা রুজু হয়েছে, যা অক্টোবর/২০ মাসের তুলনায় ১৪৪টি হ্রাস পেয়েছে ও নভেম্বর/১৯ মাসের তুলনায় ৪১৮টি মামলা হ্রাস পেয়েছে।
এ ছাড়া অস্ত্র উদ্ধার খাতে আলোচ্য মাসে ১৬টি মামলা রুজু হয়েছে, যা অক্টোবর/২০ মাসে কোন মামলা হ্রাস/বৃদ্ধি হয়নি ও নভেম্বর/১৯ মাসের তুলনায় ০৬টি মামলা হ্রাস পেয়েছে। নভেম্বর/২০ মাসে আদালত থেকে ৯৬৮৩টি গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত হয়ে ৯৮৭৪ গ্রেপ্তারি পরোয়ানা তামিল অর্থাৎ ১৯১টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি বেশি হয়েছে।
ডিআইজি হাবিবুর রহমানে গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
ডিআইজি নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে প্রস্তুতি নিতে এবং পুলিশকে আরও গণমুখী করতে সকল কর্মকর্তাদের সক্রিয় হতে নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. জিহাদুল কবির সভার কার্যক্রম পরিচালনা করেন। রেঞ্জের ১৩ টি জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) ও পুলিশ সুপার (মিডিয়া) সহ অন্যান্য পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
