আড়াইহাজারে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৪:০১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার ঘটনায় ১০ দিন পর মামলা হয়েছে। নির্যাতিতা নারী বাদী হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- স্থানীয় পাঁচরুখী মাইজপাড়া এলাকার হুমায়ন কবির ডিপ্টির ছেলে আনাছ (২২), মনিরের ছেলে মোহাম্মদ আলী (২৮), নুরুল ইসলামের ছেলে রুবেল (৩৪), মৃত আব্দুল্লার ছেলে সাব্বির (২৫) ও মহব্বত আলীর ছেলে মঈন (২৩)। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, নির্যাতিতা নারীর পক্ষ থেকে ৫ জনকে আসামি করে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে ২০২০ সালের ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে স্থানীয় পাঁচরুখী মাইজপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রভাবশালী মহলের চাপে নির্যাতিত গৃহবধূ এই কদিন মামলা করতে পারেননি।

নির্যাতিতা নারী বলেন, স্বামীর বাড়ি থেকে পাশের গ্রামে আমার বাবা বাড়িতে যাওয়ার সময় একটি নির্জন স্থানে একা পেয়ে অভিযুক্তরা টেনে-হিঁচড়ে বিবস্ত্র করে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। আমি কামড় দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করি। বখাটেরা আমার হাত তাদের পা দিয়ে থেঁতলে দেয়। ডাক-চিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। স্থানীয় প্রভাবশালী মহলের চাপে আমি আইনি সহযোগিতা নিতে পারিনি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, স্থানীয় হুমায়ন কবির ডিপ্টির ছেলে আনাছসহ অভিযুক্তরা গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে তিনি রাজি ছিলেন না। ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে তিনি তার বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মাইজপাড়া ভূঁইয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় নির্জন স্থানে তাকে একা পেয়ে বখাটেরা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।

একপর্যায়ে তার শরীরে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। টেনে-হিঁচড়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত