ভোলায় হোটেলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৮:১৯ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৭)-কে তুলে নিয়ে আবাসিক হোটেলে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে মো. মাসুদ ব্যাপারী (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মাসুদ জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের খোরশেদ ব্যাপারীর ছেলে।  বুধবার রাতে পুলিশ ওই যুবককে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক মাসুদ ও অজ্ঞাতনামা আরও দুই তিনজনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে স্কুল ছাত্রীর বাবা উল্লেখ করেন, দীর্ঘ দিন ধরে মাসুদ তার মেয়ে স্কুলে যাওয়া-আসার সময় পথেঘাটে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। একপর্যায়ে মাসুদ ফুসলিয়ে তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বুধবার সকালে তার মেয়ে স্কুলে গেলে মাসুদ স্কুলের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে সে স্কুল থেকে বের হলে মাসুদ আরও দুই তিনজনের সহায়তায় তাকে বিয়ে করবে বলে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে বোরহানউদ্দিন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত গোল্ডেন সান আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পুলিশ খবর পেয়ে স্কুল ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সায়েদুর রহমান জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, ঘটনার পর পরই অভিযুক্ত মাসুদ ব্যাপারীকে আটক করা হয়। পরে ভিকটিমের বাবার দায়ের করা মামলায় আটক মাসুদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত