রাজধানীর কলবাগানে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেসনিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন ডা. সোহেল মাহমুদ।
ময়নাতদন্তের পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘নিহত শিক্ষার্থীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’
ডা. সোহেল মাহমুদ বলেন, ‘জোর জবরদস্তির কোনো আলামত পাওয়া যায়নি। চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছিল কিনা তা জানতে নমুনা সংগ্রহ এবং ঘটনাস্থলে একাধিক ব্যক্তি ছিল কিনা তা জানতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তার ভিসেরা সংগ্রহ করা হয়েছে।’
তিনি বলেন, ‘থানা পুলিশ সুরতহাল রিপোর্টে বয়স জানতে চেয়েছে। তাই মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের এক্সরে বিভাগে পাঠানো হয়েছিল। সেখানে এক্সরে করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এক্সরে ছাড়াই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শরীরের গঠন ও দাঁত দেখে বয়স নির্ধারণ করা হবে।’
