পরমাণু অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০৩:২৬ পিএম

যুক্তরাষ্ট্রকে নিজেদের ‘সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়ে  উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন পরমাণু অস্ত্রাগার আরও বিশালভাবে সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন।

কিমকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই খবর দিয়েছে।

কিম তার বক্তব্যে বলেন, ‘যুক্তরাষ্ট্রের দিকে চোখ রেখে আমাদের বৈশ্বিক রাজনীতির পরিকল্পনা নির্ধারণ করা উচিত।’

‘যুক্তরাষ্ট্রে কে ক্ষমতায় আসছে সেটা কোনো ব্যাপার নয়। তাদের সত্যিকারের চেহারা এবং উত্তর কোরিয়ার প্রতি মনোভাব কখনোই পরিবর্তন হবে না।’

প্রতিবেদনে বলা হয়, কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার ও সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারে জানিয়েছেন। তিনি জানান, এরই মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনের পরিকল্পনা অনেকটাই সম্পন্ন হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, কিম এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছেন।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি সামান্য হলেও, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্কের বিষয়টি উপভোগ করেছেন কিম।

কিম বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না, যদি না কোনো বৈরী শক্তি প্রথমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এটি ব্যবহার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত