রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি এ ঘটনা ঘিরে ‘গুজব রটনকারীদের’ আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে সাম্পান রেস্তোরাঁর সামনে বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বালন করেন শোকার্ত শিক্ষার্থীরা। কর্মসূচিতে নিহত স্কুলছাত্রীর সহপাঠীদের পাশাপাশি বেশ কয়েকজন অভিভাবকও অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ওই ছাত্রীর এক বন্ধু বলেন, কিছু বিকৃত মস্তিষ্কের ব্যক্তি গুজব ছড়াচ্ছে এবং ধর্ষণের শিকার হওয়া মেয়েটির ব্যাপারে অকথ্য কথাবার্তা বলছে, মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
কর্মসূচিতে সংহতি জানাতে আসা একজন অভিভাবক বলেন, আমাদের অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। ধর্ষণ, নারী নিপীড়নের বিষয়ে আমাদের সন্তানদের আরও বেশি নৈতিক শিক্ষা আমাদের দিতে হবে।
‘গুজব রটনকারীদের’ শাস্তির পাশাপাশি শিক্ষার্থীরা আরও তিনটি দাবি জানান। সেগুলো হল-
# ধর্ষক ফারদিন ইফতেখার দিহান এবং তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে বিচারকার্য শুরু করতে হবে।
# যারা এই অন্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল, অনতিবিলম্বে তাদের সাজা নিশ্চিৎ করতে হবে।
# বাংলার মাটিতে যেন আরও কোনো ধর্ষক বেঁচে না থাকে সেই ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে।
