ভোলায় জান্নাত (১২) নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জান্নাত ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোসলেউদ্দিনের মেয়ে।
শনিবার রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নে তার দাদার ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা মোসলেউদ্দিন চাকরি করার সুবাদে মা ও ভাইকে নিয়ে ঢাকায় থাকেন। জান্নাত ছোট বেলা থেকেই ভোলায় তার দাদা নুর ইসলামের ও দাদির কাছে থাকতেন। বিকেলের দিকেও জান্নাতকে স্থানীয়রা বাড়িতে দেখেছেন। রাতে প্রতিবেশীরা তার দাদার ঘরের আড়ার সঙ্গে জান্নাতের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ওই সময় ঘরে তার দাদা ও দাদিকে দেখা যায়নি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। নিহতের দাদা-দাদি পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারছি না। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
