নাটোরের সিংড়ায় ভেকু দিয়ে আবাদি কৃষি জমি খনন করার সময় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রাকিবুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রাকিবুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায় , ভেকু দিয়ে পুকুর খনন করার কথা শুনে রাকিব পুকুরের কাছে যায়। বাড়িতে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় তার দেহ মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম জানান, গত কয়েক দিন থেকে ভেকু দ্বারা পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। আজকেও ইতালি ও রামানন্দ খাজুরা ইউনিয়নে অভিযান চালিয়ে ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
