টিকার চালান দ্রুত পাঠাতে মোদিকে চিঠি ব্রাজিলের প্রেসিডেন্টের

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৭:০১ পিএম

করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুক্রবার বলসোনারোর পাঠানো এ চিঠি প্রকাশ্যে আসে।

করোনায় মৃত্যুর সংখ্যার তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ইতিমধ্যে দুই লাখের বেশি মানুষ মারা গেছে দেশটিতে।

লাতিন আমেরিকার কয়েকটি দেশ টিকা দেয়া শুরু করলেও এখনো পিছিয়ে আছে ব্রাজিল। ফলে টিকাদান কর্মসূচি শুরু করতে প্রেসিডেন্ট বলসোনারোর ওপর চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তার প্রেস কার্যালয় এ চিঠি প্রকাশ করে।

বলসোনারো ভারতের প্রধানমন্ত্রী মোদিকে লিখেন, ‘আমাদের জাতীয় টিকাদান কর্মসূচি দ্রুত শুরু করতে যত দ্রুত সম্ভব ব্রাজিলে ২০ লাখ ডোজ পাঠালে খুশি হব।’

ভারতের টিকাদান কর্মসূচি বিঘ্নিত না করে এ টিকা পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি।

ব্রাজিল সরকারের অর্থায়নে পরিচালিত ফিয়োক্রুজ বায়োমেডিক্যাল সেন্টার শুক্রবার জানায়, তারা ব্রাজিলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কয়েক লাখ ডোজ টিকা উৎপাদনের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু এর জন্য প্রয়োজনীয় বেশ কিছু উপাদান এখনও তাদের হাতে পৌঁছায়নি।

টিকা বানানোর এসব উপাদান জানুয়ারির শেষ নাগাদ দেশটিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তবে তার আগেই বিভিন্ন উৎস থেকে টিকা নিয়ে আসার চেষ্টা করছে ফিয়োক্রুজ। এ কারণে ভারতের কাছেও তারা টিকা চেয়েছে। চলতি মাসের মাঝামাঝি ভারত থেকে টিকার চালান ব্রাজিলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত