করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে এগিয়ে এলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্বামী প্রিন্স ফিলিপসহ টিকা নিলেন তিনি।
দ্য গার্ডিয়ান জানায়, রাজপ্রাসাদে বসে করোনার টিকা নিয়ে নজির গড়লেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ।
৯৪ বছর বয়সী রানির স্বামী প্রিন্স ফিলিপ এ বছর ১০০ বছর পূরণ করতে যাচ্ছেন। এর মধ্যে টিকা নিয়ে ব্রিটিশ জনগণের সংশয় দূর করতেই তারা এমন সাহসী পদক্ষেপ নিলেন।
বয়সের কথা মাথায় রেখে পুরো করোনাকালে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন তারা। লকডাউনে স্বামীসহ রাজপ্রাসাদেই অবস্থান করেন রানি। এ বছরের বড়দিনের উৎসবও বাতিল করেন তিনি।
এরপর শনিবার করোনার টিকা নেন এ বর্ষীয়ান দম্পতি। উইন্ডসর প্রাসাদে গিয়ে তাদের টিকা দেন প্রাসাদেরই এক চিকিৎসক।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১৫ লাখ মানুষের ওপর টিকা প্রয়োগ করা হয়েছে। এত ব্যাপক আকারে টিকাদান কর্মসূচির নজির আর নেই দেশটিতে। টিকা নিতে অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও বয়স্করা।
এদিকে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮০ লাখের বেশি মানুষ। করোনার নতুন ধরনের সংক্রমণের কারণে তৃতীয় দফা লকডাউন জারি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ভাইরাস প্রতিরোধে সবার আগে টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। ফাইজার-বায়োএনটেকের পর অনুমোদন পায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাও। চলতি সপ্তাহে অনুমোদন পায় মডার্নার টিকাও।
