এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার অভিযোগ গঠন আরেক দফা পেছাল।
রবিবার অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ ছিল, কিন্তু বাদীপক্ষের আবেদনের প্রেড়্গিতে অভিযোগ গঠনের জন্য আগামী ১২ জানুয়ারি দিন পুনর্নির্ধারিত হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি অভিযোগ গঠনের কথা থাকলেও আসামিপক্ষের আবেদনে সেটা হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাঈদা খানম জানান, মামলার অভিযোগ গঠনের জন্য গতকাল আসামিদের সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। কিন্তু বাদীপক্ষ সময় চাওয়ায় আদালতের বিচারক মোহিতুল হক তাদের সময় দিয়েছেন।
তিনি আরও জানান, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষকে সময় দেওয়া হয়েছে।
এদিকে রবিবার আসামি তারেকুল ইসলাম তারেকের পক্ষে তার আইনজীবী আদালতে জামিনের আবেদন জানান। তবে আদালত জামিন আবেদন না মঞ্জুর করেছে।
গত ৩ ডিসেম্বর চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
অভিযুক্ত আসামিরা হলেন, সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাহুল ইসলাম রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। আসামি কারাগারে রয়েছেন।
গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এই ধর্ষণের ঘটনা ঘটে।
