গাড়ি দুর্ঘটনার কবলে পড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক টুইট করে নিশ্চিত করেছেন, তিনি পুরোপুরি ঠিক আছেন।
রবিবার পাকিস্তানি অলরাউন্ডার লাহোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন। এদিন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট ছিল। সেই ড্রাফট অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মালিক।
রাতে টুইট করে ৩৮ বছর বয়সী ক্রিকেটার লিখেছেন, ‘আমি পুরোপুরি ঠিক আছি…। এটা কেবল একটা দুর্ঘটনা ছিল এবং সৃষ্টিকর্তা রক্ষা করেছেন।’
মালিক ভক্তদের সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘সবাই যে ভালোবাসা দেখিয়েছেন আমি তার জন্য কৃতজ্ঞ।’
সংবাদ মাধ্যমে খবর, পাকিস্তানের সাবেক এই অধিনায়ক হাই স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তার স্পোর্টস কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে।
ট্রাকটি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকার ফলে প্রাণে বেঁচে যান মালিক। একটি রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের পাশে পার্কিংয়ে ছিল সেটি। মালিকের গাড়ি সজোরে গিয়ে ধাক্কা দেয় সেই ট্রাকের পেছনের অংশে।
ট্রাকের তেমন ক্ষতি না হলেও মালিকের গাড়ির সামনের অংশ ভেঙে একেবারে দুমড়ে মুচড়ে যায়। কাকতালীয়ভাবে গাড়ির ড্রাইভিং সিটের দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই অক্ষতই আছেন মালিক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মালিকের সঙ্গে গাড়িতে ওয়াহাব রিয়াজও ছিলেন। দুর্ঘটনার পর অক্ষত আছেন পাকিস্তানের এই ফাস্টবোলারও।
পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে ও ১১৬টি টি-টোয়েন্টি খেলা মালিক এখন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন।
