ক্যাপিটল ভবনে নিজের সমর্থকদের হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিক ও হাওয়ার্ড লাইবেনগুডের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন জানিয়েছে, কর্মরত অবস্থায় আঘাত পেয়ে সিকনিকের মৃত্যু হওয়ার কথা গত বৃহস্পতিবার ক্যাপিটল পুলিশ জানানোর একদিন পর পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তা লাইবেনগুড ডিউটিতে ছিলেন না। তবে তিনি কীভাবে মারা গেছেন সে সম্পর্কে কিছু বলেনি ক্যাপিটল পুলিশ।
রবিবার দেওয়া ঘোষণায় ট্রাম্প বলেছেন, ‘ক্যাপিটল পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিক ও হাওয়ার্ড লাইবেনগুডসহ সব কর্মকর্তা এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানে আইনত ও সাংবিধানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি হোয়াইট হাউসসহ সব সরকারি ভবন, সামরিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের অধীন অঞ্চলগুলোতে ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিচ্ছি।’
ক্যাপিটল পুলিশ বলছে, গত ৬ জানুয়ারির হামলায় সিকনিক আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
