মৌলভীবাজার জেলা যুবলীগ সহসভাপতিকে বহিষ্কার

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৩:৫১ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় মৌলভীবাজার জেলা যুবলীগ সহসভাপতি মো. আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

সোমবার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান নিখিল স্বাক্ষরিত একটি নির্দেশনায় বহিষ্কার করা হয়।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনাপত্রে বলা হয়েছে, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হওয়ায় দলীয় শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এমতাবস্থায় গঠনতন্ত্র ২২(ক) ধারায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে সামস পরশের নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতি পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

এ সম্পর্কে জানার চেষ্টা করেও কমলগঞ্জ পৌরসভার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি।

তবে কমলগঞ্জে অবস্থান করা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত