নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:২৫ পিএম

নড়াইলে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চার দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহত ছানোয়ার হোসেন সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের (ভুমুরদিয়া গ্রাম) সাবেক সদস্য ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ছানোয়ার হোসেন মোল্যা বাড়ি থেকে চালিতাতলা হয়ে নড়াইল শহরে যাচ্ছিলেন।

নড়াইল শহর সংলগ্ন আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের  বেশ কয়েকজন সন্ত্রাসী গতিরোধ করে লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর  জখম করে।

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আরও অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৭টা ৫০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বর্তমান ইউপি সদস্য মো. মাহাবু রহমান দাবি করেন, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সন্ত্রাসী ফারুক, ওহিদ, আজিজুর, নাজমুল, ওহেদ, এনামুল, ইমরুলসহ বেশ কয়েকজন হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

নড়াইল সদর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, গত ১০ জানুয়ারি ছানোয়ার মোল্যার ওপর হামলার ঘটনায় একটি মামলা  হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

তিনি বলেন, ‘যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ দাফন সম্পন্ন হবে। পূর্ব দায়েরকৃত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত