প্রাণী আঁকা সবচেয়ে প্রাচীন গুহাচিত্রের সন্ধান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১১:৪৬ এএম

ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপের প্রত্যন্ত এলাকায় লেয়াং তেদংঞ্জ গুহায় পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহাচিত্র আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া জানায়, বিশাল গুহার ভেতরে দেয়ালে আঁকা একটি শুয়োরের ছবিকে প্রত্নতত্ত্ববিদরা সবচেয়ে প্রাচীন গুহাচিত্র বলছেন। তাদের দাবি, এ গুহাচিত্রের বয়স সাড়ে ৪৫ হাজার বছর। 

ছবিটি একটি বুনো শুয়োরের। লাল গুঁড়ো দিয়ে ৫৩ ইঞ্চি-২১ ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থের এ ছবিটি আঁকা হয়েছে। পাথরের দেয়ালে আরও দুইটি শুয়োরের ছবির অস্তিত্ব দেখা যাচ্ছে, তবে কালের পরিক্রমায় সেগুলো অনেকটাই মুছে গেছে।

সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের একটি নিবন্ধে ওঠে এসেছে গবেষণাটির বিস্তারিত। গুহাচিত্র নিয়ে এ নিবন্ধের সহ-লেখক ম্যাক্সিম অ্যাবার্ট বলছেন, ‘এই চিত্রটি যারা এঁকেছিলেন তারা পুরোপুরি আধুনিক ছিলেন, আমাদেরই মতো। নিজেদের পছন্দসই চিত্রকর্ম আঁকার ক্ষমতা ও সরঞ্জাম ছিল তাদের। ওই অঞ্চলে কবে থেকে আদিম মানুষের বসতি ছিল, তারও আঁচ পাওয়া যায় এই ছবি দেখে।’

শুয়োরের পিঠের ওপর দুটি হাতের ছাপও দেখা গেছে, সেগুলোও কালের পরিক্রমায় প্রায় হারিয়ে গেছে। নিবন্ধের সহ-লেখক অ্যাডাম ব্রাম জানিয়েছেন, ‘মনে হয়, তিন শুয়োরের লড়াইকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল এই ছবিতে।’

হাতের ছাপ এবং রঙের সঙ্গে ব্যবহৃত লালারস থেকে আদিম মানুষের ডিএনএ নমুনা খুঁজে পাওয়ারও চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

এর আগে, ফ্রান্সের লাস্কো, স্পেনের আলতামিরা, আর্জেন্টিনার কুয়েভা দ্য লা মানোস, ভারতের ভীমবেটকাসহ আরও অনেক জায়গায় গুহাচিত্রের সন্ধান পাওয়া গেলেও রেডিও-কার্বন ডেটিং পদ্ধতি অনুযায়ী সেগুলোর গড় বয়স ৩০ হাজার থেকে ৩৫ বছরের বেশি নয়। সেদিক দিয়ে ইন্দোনেশিয়ার এই গুহাচিত্রই সবচেয়ে পুরোনো।

তবে সবচেয়ে প্রাচীন গুহাচিত্র হিসেবে ধরা হয়ে থাকে একটি বিমূর্ত শিল্পকে। দক্ষিণ আফ্রিকায় একটি গুহায় আবিষ্কৃত হ্যাশট্যাগের মতো ওই ‘ডুডলের’ বয়স ধরা হয়ে  থাকে ৭৩ হাজার বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত