নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আনছের শেখ (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২ টায় গ্রেপ্তার স্বামীকে হাজির করে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
গ্রেপ্তারকৃত স্বামী পাবনা জেলার সদর উপজেলাধীন চকবারেরা গ্রামের মৃত ভানু শেখের ছেলে মো. আনছের শেখ।
ওই হত্যা ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত বুধবার দুপুর সাড়ে ১২ টায় নাটোরের লালপুর উপজেলার সাদিপুর গ্রামে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় পাওয়া না যাওয়ায় অজ্ঞাতনামা হিসেবে পুলিশের রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তর জন্য নাটোর মর্গে প্রেরণ করেন। নিহত নারীর পরিচয় ও হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে নাটোর জেলা পুলিশ। পুলিশের তিনটি টিমের অভিযান চালিয়ে গত শনিবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকা থেকে নিহতের স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত মো. আনছের শেখের সঙ্গে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার নারায়ণপুর এলাকার মো. আবদুর রহমানের কন্যা শম্পা খাতুন (২৫) এর বিয়ে হয় দুই বছর আগে। নাটোরের লালপুর থানাধীন গোপালপুর এলাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস কালে গত বুধবার রাত তিনটায় দাম্পত্য কলহে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী শম্পা রাগ করে বাসা থেকে বের হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। স্ত্রীর পিছু নিয়ে লালপুর উপজেলার সাদিপুর এলাকায় রেল লাইনের পাশে স্ত্রীর ওড়না দিয়ে শ্বাসরোধ করে শম্পাকে হত্যা করে স্বামী মো. আনছের শেখ। ওই ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে দেখেন। পরে রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্তে বের হয়।
