বলিউডের বেশ কয়েকজন তারকা সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- এশা দেওল, বিক্রান্ত মাসে ও রেনে সেন। এবার সেই হামলার শিকার হলেন বলিউডের আরেক তারকা অভিনেত্রী টাবু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে ভক্তদের সতর্ক করলেন তিনি।
ভক্তদের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মেসেজ শেয়ার করেছেন টাবু। তিনি লিখেছেন, হ্যাক অ্যালার্ট। আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। অ্যাকাউন্টে যেসব লিঙ্ক রয়েছে, সেসবে ক্লিক করতে যাবেন না।
সম্প্রতি সুস্মিতা সেন একই ধরনের একটি মেসেজ শেয়ার করেন। তিনি লিখেন, সবার উদ্দেশে বলছি 'কতগুলো নির্বোধ' আমার মেয়ে রেনে'র অ্যাকাউন্ট হ্যাক করেছে। রেনে নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেছে। সবার জন্য ভালোবাসা।
হ্যাকারের কাছ থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেয়ে এশা দেওল লিখেন, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেয়েছি। ইনস্টাগ্রামে যারা সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সুধাংশুকে ধন্যবাদ জানাচ্ছি। ভেরিফাই ছাড়া আপনারা কোনো লিংকে ক্লিক করবেন না।
গত ডিসেম্বরে ফারাহ খান ভক্তদের উদ্দেশে দেয়া এক বার্তায় লিখেন, আমার টুইটার অ্যাকাউন্ট গত সন্ধ্যায় হ্যাক হয়েছিল। মেসেজে পাওয়া কোনো লিংকে ক্লিক করবেন না কিংবা উত্তর দিতে যাবেন না। যদি ক্লিক করেন কিংবা উত্তর দেন, তবে আপনার অ্যাকাউন্টও হ্যাক হতে পারে।
এছাড়াও সম্প্রতি অভিনেত্রী-রাজনীতিবিদ উর্মিলা মাতন্দকর এবং তারকা ইন্টেরিয়র ডিজাইনার সুসানে খান এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস
