বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৩:৪১ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া সুমন (৩৯) আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য। তিনি নরসিংদীর রায়পুর উপজেলার কাচারীকান্দি গ্রামের মাহমুদুর রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। এসব বই ও লিফলেটে পুলিশকে শরিয়তের শত্রু আখ্যা দেওয়াসহ মানুষকে জিহাদে উদ্বুদ্ধ করতে নানা প্রচারণার কথা লেখা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে আনসার আল-ইসলাম এর দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য বলে জানান।

তিনি দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করেছিলেন বলেও পুলিশের কাছে তিনি স্বীকার করেন। আনসার আল-ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে নিষিদ্ধ ঘোষিত আনসার আল-ইসলামকে সংগঠিত করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিলেন।

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক ইমরান মাহমুদ তুহিন জানান, তার বিরুদ্ধে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

বগুড়ায় গ্রেপ্তারের পর শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আদালতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত