রাজধানীর গেণ্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. খালিদ (৫৫)। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) টেলিফোন অপারেটর ইনচার্জ হসাবে চাকরি করতেন।
বুধবার দুপুরে ডেমরা সারুলিয়ার বাসা থেকে মোটরসাইকেলে পল্টনের অফিসে যাওয়ার সময় দয়াগঞ্জ মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য বহনের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাসস পরিচালনা পর্ষদের সদস্য ও নগর সম্পাদক মধুসূদন মন্ডল দেশ রূপান্তরকে বলেন, খালিদের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি জব্দসহ চালক ও হেল্পারকে পুলিশ আটক করেছে। এখন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি খালিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
গেন্ডারিয়া থানার এসআই এনায়েত করিম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দয়াগঞ্জ মোড় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা তাকে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতের ভাগিনা মো. আলী জানান, খালিদের বাবার নাম মৃত নুর মোহাম্মদ। তার বাড়ি ওয়ারী এলাকার বনগ্রামে। দুই ছেলে, দুই মেয়ে নিয়ে থাকতেন ডেমরা সারুলিয়া বড়ভাঙা চৌরাস্তা এলাকায়।
আরেক স্বজন জানান, সিটি করপোরেশনের ময়লার গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। খালিদের মোটর সাইকেলকে প্রথমে ধাক্কা দেয়। এরপর তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসস সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল থেকে তিনি বাসসে টেলিফোন অপারেটর হিসেবে চাকরি করছিলেন। মৃত্যুর আগে তিনি টেলিফোন অপারেটর ইনচার্জ হিসাবে দায়িত্ব পান।
