মার্কিন অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন থেকে বাদ পড়তে যাচ্ছেন ট্রাম্প?

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১০:২৪ পিএম

প্রায় ১ লাখ ৬০ হাজার মার্কিন অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক এবং অন্যান্য মিডিয়া পেশাজীবীদের সংগঠন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড- আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’। সংগঠনটিতে যুক্ত রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সংগঠনটি ট্রাম্পকে সরাবে কিনা সেই সিদ্ধান্তের জন্য একটি মিটিং করবে। মার্কিন ক্যাপিটলে ৬ জানুয়ারির হামলায় ট্রাম্পের ভূমিকার জন্য এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংগঠনটি। এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

সংগঠনটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে কার্টেরিস বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউনিয়নের মূল্যবোধে আঘাত করেছেন। গণতন্ত্র, বিশ্বস্ততা এবং শ্রদ্ধাবোধ সকল আমেরিকানদের কাছে পবিত্র। তার উশৃঙ্খল অনুসারীরা সাংবাদিকদের ওপর আক্রমণ করছেন।

নব্বই দশকের দিকে হলিউডের সিনেমা ‘হোম অ্যালোন টু’ এবং টিভি সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’তে দেখা গিয়েছিল ট্রাম্পকে। এসবের মধ্য দিয়েই সংগঠনটিতে সদস্যপদ পেয়েছিলেন তিনি। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এবং পরে ২০০৪-০৫ সালে ‘সেলিব্রিটি অ্যাপ্রেন্টিস’ নামক টিভি রিয়েলিটি সিরিজের সঞ্চালনা এবং প্রযোজনায়ও তিনি ছিলেন।

‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড- আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ এর পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প সমর্থকরা ক্যাপিটলে হামলা করেছেন। সেসময়য় সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে তিনি মিথ্যা প্রচারণা চালান।

ট্রাম্পকে সরানো নিয়ে যে মিটিং অনুষ্ঠিত হবে, সেটির দিনক্ষণ সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ডিসিপ্লিনারি কমিটি চাইলে ট্রাম্পকে জরিমানা করতে কিংবা সরিয়েও দিতে পারে।

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ গত সপ্তাহে অভিশংসনের জন্য ভোট আয়োজন করে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি জো বাইডেনের জয় প্রতিহত করতে সমর্থকদের আহ্বান জানান, ফলস্বরুপ ক্যাপিটলে হামলার ঘটনা ঘটে।

ট্রাম্প দোষী নাকি নির্দোষ, সেই বিচার করবে সিনেট। বুধবার (২০ জানুয়ারি) ক্ষমতা ছাড়ছেন তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হন। পরাজিত হওয়ার পর তিনি ভোট কারচুপির অভিযোগ তোলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত