প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেন বলেছেন, এক দিনে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর হস্তান্তরের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। এছাড়া ব্র্যাকের মাধ্যমে আরও ৩ হাজার ৭১৫ গৃহহীন ও ভূমিহীন মানুষকে পুনর্বাসন করা হবে। এটি একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
গতকাল বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রকল্প পরিচালক আরও বলেন, ২৩ জানুয়ারি মুজিবর্ষ উপলক্ষে সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই ভূমিহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন আশ্রয়ণ প্রকল্পের উপপরিচালক উপসচিব জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান প্রমুখ।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে।
