ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৬টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। মূল সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এর সভাপতিত্ব করবেন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য।
ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এসব সম্মেলনে যেসব প্রবন্ধ উপস্থাপন করা হবে তা থেকে দেশের আইনপ্রণেতা, নীতি-নির্ধারকরা খুবই উপকৃত হবেন। এসডিজি অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যলয় তথা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এসব প্রবন্ধ অত্যন্ত উপকারী ভূমিকা পালন করবে। আজ শুরু হয়ে জুন পর্যন্ত প্রতি মাসে একটি করে ছয়টি সম্মেলন হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এসব সম্মেলনে বিভিন্ন বিষয়ের ওপরে গবেষণাধর্মী অন্তত ১০০টি প্রবন্ধ উপস্থাপন করবেন।
