নাটোরের লালপুরে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে উপজেলার কদিমচিলান ইউপির সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের এক গ্রুপ উপজেলার কদিমচিলান ইউপির সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ২১ জানুয়ারি বিকেল ৩টায় ওয়ার্ড আ্ওয়ামী লীগের সম্মেলন আহ্বান করে।
একই স্থানে অপর গ্রুপ সভা আহ্বান করায় উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
লালপুর উপজেলা আ.লীগের সহসভাপতি এসকেন্দার মির্জা বলেন, কদিমচিলান ইউনিয়ন আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক এর আহ্বানে ও ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাজাহান সিরাজ এর সভাপতিত্বে সংসদ মো. শহিদুল ইসলাম বকুলকে প্রধান অতিথি করে সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে ১ ২ ও ৩ নং ওয়ার্ডে সম্মেলন ডাকা হয়। বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারি করে।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগকে না জানিয়ে কদিমচিলান ইউপির ১,২ও ৩ নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন আহ্বান করায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
