করোনাভাইরাসের টিকা সংরক্ষণ স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল বৃহস্পতিবার দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে এক কর্মপরিকল্পনা সভায় তিনি এ নির্দেশ দেন। করোনার টিকা সংরক্ষণে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে অনলাইনে সভাটি হয়।
নসরুল হামিদ বলেন, ‘করোনাভাইরাসের প্রতিষেধক টিকা সংরক্ষণের স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। নিয়মিত সোর্সের পাশাপাশি বিকল্প সোর্স হতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা আবশ্যক। তাছাড়া স্ট্যান্ডবাই জেনারেটরের ব্যবস্থাও রাখতে হবে।’
টিকা সংরক্ষণ ও টিকা দেওয়ার জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত সংক্রান্ত সার্বিক বিষয় সমন্বয় করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যুগ্ম সচিব রেজওয়ানুর রহমান ও উপসচিব তাহমিনা ইয়াসমিনকে ফোকাল পয়েন্ট করা হয়েছে।
