মোটরসাইকেল আরোহী, কমিউনিটি পুলিশকে চাপা দিল বাস

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০৮:৪৩ পিএম

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আকতার হোসেন (৩৫) ও মফিজুল ইসলাম (৪০) নামে এক কমিউনিটি পুলিশ নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পথচারী মো. মিনহাজ মজুমদার জানান, ওয়ারী জয়কালী মন্দির সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে একটি বাস প্রথমে মোটরসাইকেলটিকে এবং পরে কমিউনিটি পুলিশকেও চাপা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবদুল খান বাচ্চু মিয়া জানান, বিকেল সাড়ে ৫টায় তাদের হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত আকতার হোসেনের স্ত্রী ঢাকা মেডিকেলের ক্যান্সার বহির্বিভাগের নার্সিং ইনচার্জ  ফরিদা পারভিন জানান, তাদের বাড়ি রংপুর পীরগাছা উপজেলায়। আকতারের বাবা মৃত আবদুর রউফ মিয়া।

তিনি বলেন, দুই ছেলেসহ পরিবার নিয়ে আজিমপুর সরকারি কোয়ার্টার ৮৪/জে বাসায় থাকেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেলে ল্যাব ইনচার্জ হিসেবে চাকরি করতেন আকতার। বিকেলে কাজ শেষে মোটরসাইকেলে বাসা ফিরছিল সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত