পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি খরচে জমিসহ পাকা ঘর তৈরি করে উপহার হিসেবে প্রদান করে বিশ্বে সামাজিক নিরাপত্তার নতুন নজির সৃষ্টি করেছে বাংলাদেশ। একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশ। আর এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার সিলেট সদর উপজেলা মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান, আশফাক আহমদ, সুজাত আলী রফিক, নিজাম উদ্দিন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলাসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলায় গতকাল ১৪০৬টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
