কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০১:৫৫ এএম

বাংলাদেশ কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘ শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল রবিবার কোস্টগার্ড সদর দপ্তর প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মুজিববর্ষ উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।

গতকাল লে. কমান্ডার বিএন আমিরুল হক (মিডিয়া কর্মকর্তা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারী-পুরুষ, অসহায়-দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের জন্য কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘের পক্ষ থেকে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল এক অনুষ্ঠানে কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় সদর দপ্তর প্রাঙ্গণে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম ফারজানা কবির, প্রেসিডেন্ট বাংলাদেশ কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘ। অনুষ্ঠানে কোস্টগার্ড পরিবারকল্যাণ সংঘ এবং বিসিজি লেডিস ক্লাবের কেন্দ্রীয় ও ঢাকা জোনের সদস্যারা উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে, গত বছর ২৮ নভেম্বর মুজিববর্ষ উদযাপন ও ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, গল্প বলা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও অংশগ্রহণ করা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত