চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর পক্ষে যুবলীগের একটি প্রচার মিছিলে ছুরিকাঘাত করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতা আদিত্য নন্দীকে। গতকাল রবিবার দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ওই ঘটনা ঘটে। আদিত্য নন্দী কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক।
সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তবে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, প্রচার মিছিলে অনেক লোক ছিল। ধাক্কা লেগে আদিত্য নালার পাশে পড়ে গিয়ে আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা শেষে ২ নম্বর গেইটের উদ্দেশ্যে একটি মিছিল বের হয় নৌকার মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে। মিছিলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে আদিত্যের পায়ে ছুরিকাঘাত করা হয়। এরপর তাকে বেসরকারি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ওই মিছিলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফজলে নাঈমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
