প্রার্থীদের সহযোগিতা থাকলে নির্বাচন কমিশনের পক্ষে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
তিনি বলেছেন, যেকোনো নির্বাচনে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকরাই সমস্যা সৃষ্টি করে থাকে। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাই মুখ্য।
সোমবার দুপুরে নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী আরও বলেন, নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে¨ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার রবিউল আলমসহ দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বক্তব্য দেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
