জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার সম্মানে নড়াইল পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন আলম। পাশাপাশি তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরার পক্ষে কাজ করারও ঘোষণা দেন।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনালের জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্র্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভায় নির্বাচন হবে।
লিখিত বক্তব্যে সরদার আলমগীর হোসেন বলেন, ‘আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার জেলা নড়াইল। মাশরাফীর সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী থাকা তার জন্য দলীয় অবস্থান বিবেচনায় অসম্মানজনক। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি। আমরা সবাই মিলে আগামী ৩০ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ।’
