দুই বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হারুনুর রশিদের (৩০)। সে সময় কৌশলে ধারণ করে রেখেছিল প্রেমিকার অশ্লীল ছবি ও ভিডিও। বিভিন্ন কারণে তাদের প্রেমের সম্পর্ক আর টেকেনি। এরপর সাবেক প্রেমিকার সেই অশ্লীল ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছিল হারুন।
ওই তরুণী হারুনের সঙ্গে যোগাযোগ করে সেসব ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধও করেন। কিন্তু হারুন এর বিনিময়ে টাকা দাবি করে। এরপর বিভিন্ন সময় ওই তরুণী ৩ লাখ টাকাও দেন। কিন্তু তারপরও ছবি ও ভিডিও ছড়িয়ে যাচ্ছিল সে। গত সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) তাকে গ্রেপ্তার করেছে। হারুনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার নামকান গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
