জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বর্ডারল্যান্ডস’। ছবিতে প্রথমে যুক্ত হয়েছিলেন কেট ব্লানচেট। এবার জানা গেল, তার সঙ্গে থাকছেন কেভিন হার্ট।
দক্ষ সৈনিক থেকে ভাড়াটে সেনায় পরিণত হওয়া এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন হার্ট। কেটকে দেখা যাবে ভিন্ন ধরনের ক্ষমতাসম্পন্ন নারী চরিত্রে।
‘বর্ডারল্যান্ডস’ পরিচালনা করছেন এলি রথ। তার অন্য ছবির মধ্যে রয়েছে কেট ব্লানচেট অভিনীত ব্ল্যাক-কমেডি ‘দ্য হাউস উইথ আ ক্লক ইন ইটস ওয়ালস’ ও ব্রুস উইলিস অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ডেথ উইশ’।
কেভিন হার্টের অন্তর্ভুক্তি নিয়ে পরিচালক বলেন, তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিহরিত। সেখানে হার্ট ভিন্ন ধরনের চরিত্র করছেন। এ জন্য উচ্ছ্বসিত যে, দর্শক এমন চরিত্রে তাকে আগে কখনো দেখেনি।
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট মোশন পিকচার গ্রুপের প্রেসিডেন্ট নাথান কাহানে বলেন, বেশ কিছু বড় ব্লকবাস্টারের পেছনে রয়েছেন কেভিন হার্ট। আর নতুন ছবির উৎস হলো বেস্ট-সেলিং ভিডিও গেমস। আমাদের টিম যেভাবে গল্পটি তৈরি করেছে তা খুবই পছন্দ হয়েছে।
তবে ‘বর্ডারল্যান্ডস’-এর গল্প নিয়ে বিস্তারিত জানানো হয়নি। ২০০৯ সালে এ শুটার গেমের অভিষেক হয়। এর একাধিক সিক্যুয়েলও আছে। এর কাহিনি ভবিষ্যতের প্যানডোরা গ্রহে আবর্তিত। আর ছবির চিত্রনাট্য করছেন এইচবিও মিনি সিরিজ ‘চেরনোবিল’-খ্যাত ক্রেগ মাজিন।
হার্ট সম্প্রতি শেষ করেছেন অ্যাকশন কমেডি ‘দ্য ম্যান ফ্রম টরন্টো’। গত বছর ড্রামাধর্মী ‘ফাদারহুড’-এ অভিনয় করেছেন। জুমানজি: দ্য নেক্সট লেভেল, দ্য সিক্রেট লাইফ অব পেটস টু, রাইড অ্যালং, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের মতো সিনেমায় তাকে দেখা গেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এ সব ছবির আয় ৪০০ কোটি ডলারের বেশি।
