প্রধান নির্বাচন কমিশনার ‘সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র হত্যাকারী ঘাতক’: রিজভী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৫:২৩ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনকে ‘নজিরবিহীন ভোট ডাকাতির সন্ত্রাসের নির্বাচন’ হিসেবে অভিহিত করে একে ‘ভোটের নামে চূড়ান্ত পর্যায়ে তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি প্রধান নির্বাচন কমিশনারকে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র হত্যাকারী ঘাতক’ বলে উল্লেখ করেন।

বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চট্টগ্রাম সিটি ভোট নিয়ে এক গুচ্ছ লিখিত অভিযোগ ইসি সচিবের কাছে জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি নেতা।

তিনি বলেন, ‘আমরা ভোটের ৩ ঘণ্টার সংক্ষিপ্ত চিত্র দিয়েছি। এটা নজিরবিহীন নির্বাচন। দিনের ভোট রাতে হয়’।

অন্তত ২০টি বিষয়ে লিখিত অভিযোগ তুলে ধরে রিজভী জানান, ‘এ ভোটে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে; তারা বসতে পারেন না, ভোটাররা ভোট দিতে পারেন না। আজকে দু’জন মারা গেছেন, এটা সহিংসতার নির্বাচন। তাহলে এদেশে শান্তিপূর্ণ ভোটের কথা বলে তার দৃষ্টান্ত দুই তিন ঘণ্টার মধ্যে ঘটেছে। সিটি নির্বাচন এলাকায় চরম সহিংস অবস্থা বিরাজ করছে’।

তিনি অভিযোগ করে বলেন, ‘অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন সেজন্য বাধা দেওয়া হচ্ছে। পুলিশ কিছু করতে পারছে না’।

রিজভী বলেন, ‘এ নির্বাচন চূড়ান্ত পর্যায়ের তামাশা।  প্রহসনের নির্বাচন। এ সরকারের সময়ে সুষ্ঠু নির্বাচন অচেনা হয়ে যাবে। এটা নরিজবিহীন ভোট ডাকাতির ও সন্ত্রাসের নির্বাচন’।

সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রকে হত্যাকারী ঘাতক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। হুকুমের আসামি সরকার প্রধান’।

রিজভী বলেন, ‘চট্টগ্রামের ভোটে পুলিশি তাণ্ডব চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আরেকটি জালিয়াতির নির্বাচন চলছে’।

বেলা ১টার পর নির্বাচন ভবনে এসে ইসি সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দেন রিজভী। পরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত