নেত্রকোনায় এক বোনকে বিয়ে না দেওয়ায় তার ছোট বোনকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের (২০) বিরুদ্ধে। বৃহস্পতিবার ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে বুধবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
অভিযুক্ত যুবক মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশী গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার শিশু মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
শিশুর বাবা জানান, অভিযুক্ত আসামি আমার বড় ভাইয়ের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এতে আমি অসম্মতি জানাই। পরে সে আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। পরে আমার ভাতিজিকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জমিতে সেচ দিয়ে বাড়ি আসার পথে বাড়ির সামনের মাঠে অচেতন অবস্থায় আমার মেয়েকে দেখতে পাই। উদ্ধার করে বাড়িতে আনার পর জ্ঞান ফিরলে সে ধর্ষণের ঘটনা খুলে বলে। এ ঘটনার পরও আসামির পরিবারের লোকজন আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি এ ঘটনার বিচার চেয়ে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছি।
মদন থানার ওসি মাসুদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় এক যুবককে আসামি করে বুধবার রাতে মামলা করেছেন শিশুর বাবা। শিশুটিকে বৃহস্পতিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
