আসুন এক সাথে রাজনীতি করি, কাজী জাফরউল্লাহকে নিক্সন চৌধুরী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১১:৩৮ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আসুন, গিবত-ষড়যন্ত্র ও হানাহানির রাজনীতি বাদ দিয়ে একযোগে উন্নয়নের রাজনীতি শুরু করি। আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আর আমি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা উভয়েই একই রাজনীতির ধারায় আছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দক্ষিণবঙ্গের আমূল পরিবর্তন করি।

বৃহস্পতিবার বিকেলে জেলার ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার বণিক সমিতির পক্ষ হতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে নিক্সন চৌধুরী এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করে দিয়েছেন। দেশ বিদেশের পর্যটকেরা যখন এখানে বেড়াতে আসবে তখন যদি এই ভাঙ্গা পৌরসভার বাজারে প্রবেশ করে তাহলে তারা বস্তি ছাড়া কিছুই পাবে না। কারণ দীর্ঘ ৪০ বছর ভাঙ্গা বাজারের কোন উন্নয়ন করা হয়নি। আমাদের ইজ্জত আমাদের সম্মান বাঁচানোর তাগিদে আসুন আর হানাহানি নয়, ভাঙ্গা পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করি।

সংসদ সদস্য নিক্সন আরও বলেন, আমার মঞ্চে ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত আছেন। একমাত্র আপনি কাজী জাফরউল্লাহ বাইরে রয়েছেন। তাই আর রাগ মান-অভিমান নয়, আসুন এক মঞ্চে উঠে দেশের স্বার্থে দশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিই।

মজিবুর রহমান চৌধুরী কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্যে করে আরও বলেন, আপনি আসেন আমিও থাকব, জনগণকে সঙ্গে নিয়ে আজ থেকেই একত্রে কাজ করবো। আপনি মুরব্বি, আমি তো অনেক ছোট এখানে লজ্জার কিছু নেই। আমার জীবনের ৭টি বছর জনগণকে ভালোবেসে তাদের উন্নয়ন ও মূল্যায়নের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে গেছি। আপনি এবং আমি দুজনেই মাঠে সক্রিয় থাকলেও এক মঞ্চে রাজনীতি করা হয়নি। তাই আর লজ্জা নয়, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এখন থেকেই একত্রে কাজ করতে চাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন বলেন, ভাঙ্গা বাজারের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের কেউই আর বাদ নেই এই মঞ্চে। তবে আর কেন হানাহানি, আসুন একত্রে রাজনীতি করি।

ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক মিরু মুন্সির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও সকল সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং ভাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত